জুন ২৬, ২০২৬, ১১:৪৬ এএম
পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে বের হয়েছে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। আজ শুক্রবার সকালে চারশত বছরের পুরনো এই ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে এই শোক মিছিল শুরু হয়।ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে মানুষ সেখানে সমবেত হন।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ মানুষকে কালো পোশাক পরিধান করতে দেখা গেছে এবং তাদের হাতে রয়েছে প্রতীকী আলাম, নিশান ও পতাকা।
কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের শাহাদাতের স্মরণে প্রতিবছর এই শোক মিছিলের আয়োজন করা হয়। এবারের তাজিয়া মিছিল ঘিরে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সোয়াত ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন