শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৬:৪১ পিএম

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে মো. সরোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। ৩০ জুন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি দেশের এই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তিনি এই চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী মো. সরোয়ার হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই পদের দায়িত্ব নেওয়ার আগে তাকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে। একই সঙ্গে তার অবসর-উত্তর ছুটি বা পিআরএল স্থগিত রাখার শর্তও এই চুক্তিভিত্তিক নিয়োগে যুক্ত করা হয়েছে।

সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা দেশের আর্থিক খাত নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা ও নতুন মুদ্রা নীতি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক মহল।