জুলাই ৩, ২০২৬, ০৫:১৫ পিএম
গ্যাস বিল আদায়ের নামে প্রতারণা ঠেকাতে গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।সম্প্রতি লক্ষ্য করা গেছে, একদল প্রতারক নিজেদের তিতাস গ্যাসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইলে কল করছে। বকেয়া গ্যাস বিল পরিশোধের কথা বলে তারা গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলছে।
তিতাস কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে কোনো ব্যক্তিগত নম্বরে বিল পরিশোধের নির্দেশ দেওয়া হয় না। গ্যাস বিল পরিশোধের জন্য শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংক এবং স্বীকৃত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ (যেমন: বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) ব্যবহার করতে হবে।
প্রতারণা থেকে রক্ষা পেতে গ্রাহকদের ব্যক্তিগত কোনো নম্বরে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে তিতাস গ্যাসের স্থানীয় অফিসে যোগাযোগ করা অথবা তাদের ওয়েবসাইটে (https://titasgas.gov.bd) দেওয়া নম্বরে কথা বলে সেবা গ্রহণ করতে বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন