জুলাই ৫, ২০২৬, ০৫:৩৮ পিএম
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।প্রখ্যাত এই অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাঙ্গন ও সাহিত্য মহলে।
অধ্যাপক মোহাম্মদ আজম জানান, বিকেলে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক অসুস্থ বোধ করেন। দ্রুত তাকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নিরলস কাজ করেছেন।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে তার জন্ম। সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা ছাড়াও তিনি ২০টির বেশি গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা ও সংস্কৃতির সহজ কথা। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।
তার সম্পাদনায় প্রকাশিত স্বদেশচিন্তা ও ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি গ্রন্থ দুটি বাংলা ভাষা ও সাংস্কৃতিক গবেষণায় বিশেষ স্থান দখল করে আছে। গুণী এই শিক্ষাবিদ ও সাহিত্যিকের প্রয়াণে দেশের বুদ্ধিজীবী মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন