জুলাই ৮, ২০২৬, ১২:১৩ পিএম
ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হলেও, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগানোর পরিকল্পনা করছে কমিশন।
বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও, সামনের স্থানীয় নির্বাচনে আমরা জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এরই অংশ হিসেবে ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নতুন করে সাজানো হচ্ছে।
ইসি সানাউল্লাহ আরও জানান, নির্বাচন কমিশনের দক্ষতা বৃদ্ধি এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে নির্বাচন-পরবর্তী মূল্যায়নও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিদ্যমান বিধিমালা পর্যালোচনা ও সংস্কারের কাজ চলছে।
এদিনের সংলাপে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অংশগ্রহণ করেন। তিনি জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা ও সংস্কারের মাধ্যমে নির্বাচনী পরিবেশ আরও উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন