জুলাই ৮, ২০২৬, ১০:০২ পিএম
ব্যাংক খাতের দুর্নীতি ও অর্থপাচারের দায়ে অভিযুক্ত লুটেরাদের দেশে ফিরিয়ে এনে ‘ডিম থেরাপি’সহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি জানান।
রেহানা আক্তার রানু বলেন, যারা গ্রাহকের কষ্টার্জিত আমানত লুট করেছে, তাদের কোনো ক্ষমা নেই। তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, লুটেরারা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
সংসদে তিনি আমানতকারীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, অনেকের বিয়ের স্বপ্ন, চিকিৎসার শেষ ভরসা, বা সারা জীবনের পেনশনের টাকা ছিল এই আমানত। ব্যাংক লুটের কারণে আজ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছে এবং বিনিয়োগ কমে যাওয়ায় দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে। লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে আরাম-আয়েশে জীবনযাপন করছে, অথচ আমানতকারীরা টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তিনি লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে দাবি জানান।
নোটিশের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আর্থিক খাত আগের অবস্থায় ফিরিয়ে আনতে সুসংগঠিত বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ বর্ণিত হয়েছে। মন্ত্রী আরও জানান, এর আওতায় বর্তমানে সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক—এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ-পিএলসি, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক-পিএলসি ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন