জুলাই ১২, ২০২৬, ০৫:৪৫ পিএম
মুজিববর্ষ’ পালন উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি, বেদী, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের মোট ব্যয়ের হিসাব সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রবিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে এই খতিয়ান তুলে ধরেন তিনি।
সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তাঁর প্রশ্নে জানতে চান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা খরচ হয়েছে। এছাড়া এ বিপুল খরচের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তাও জানতে চান তিনি।
এই প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
মন্ত্রী তাঁর জবাবের সঙ্গে এ সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংসদে পেশ করেছেন। ব্যয়ের এই হিসাব নিয়ে সংসদে আলোচনার সুযোগ থাকায় সদস্যের প্রশ্নের উত্তরটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন