বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই: তথ্য উপদেষ্টা

জাতীয় ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৫:৪৩ পিএম

শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই: তথ্য উপদেষ্টা

ছবি - সংগৃহীত

শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শেখ হাসিনাকে বর্তমানে অপ্রাসঙ্গিক মানুষ বলে অভিহিত করেন তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে তিনি বলেন, কেবল তার ব্যক্তিগত মত নয়, আওয়ামী লীগের আশেপাশের মানুষরাও এখন মনে করেন যে শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এ দেশে নেই। দেশের বাইরে থেকে তার ফেরার গুঞ্জন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বর্তমানে প্রাসঙ্গিক কেউ নন। তাকে ফিরিয়ে আনার চেষ্টার পেছনে সরকারের মূল উদ্দেশ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা।

জাহেদ উর রহমান বলেন, এই রাষ্ট্রকে ধ্বংসের অভিযোগে শেখ হাসিনার বিচার করতে চায় সরকার। তিনি যদি ডিসেম্বরে ফিরে আসেন বা তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়, তবে আদালতে তিনি মামলা মোকাবিলার সুযোগ পাবেন। সরকার তাকে স্বাগত জানাবে এবং তিনি চাইলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শ্রেষ্ঠ আইনজীবী নিয়ে এসে আদালতে আত্মপক্ষ সমর্থন করতে পারেন।

উপদেষ্টা আরও বলেন, জনগণ শেখ হাসিনার অপরাধের বিচার দেখতে চায়। তবে এটি আদালতের বিষয়; আদালত যদি প্রমাণ পায় তিনি অপরাধী নন, তবে তিনি খালাস পাবেন। জাস্টিস বা ন্যায়বিচার এভাবেই হওয়া উচিত। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও তার এ বিষয়ে কথা হয়েছে বলে তিনি জানান।