জুলাই ১৪, ২০২৬, ১০:৩৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিভেদের সুর ও আত্মসমর্পণের হুঙ্কারের কড়া জবাব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যারা দিল্লিতে বসে এই হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি, দেশের সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।আইনমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এ দেশে আর কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না।
তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, আমরা আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুঙ্কার দিচ্ছেন, তাদের জন্য দেশে আত্মসমর্পণের সুযোগ নেই। প্রতিটি হুঙ্কারের জবাবে দেশের মানুষ আরও ঐক্যবদ্ধ হবে।
জুলাই হত্যাকাণ্ডের বিচারকার্যের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টি মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং চারটির অভিযোগ গঠন করা হয়েছে। এরই মধ্যে আবু সাঈদ হত্যা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন