জুলাই ১৮, ২০২৬, ০৩:১৬ পিএম
দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে।
`ক` গ্রুপে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল, আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এই গ্রুপের জন্য সুরা ফাতিহা, সুরা বারাকাহ ও সুরা আলাক নির্ধারিত রয়েছে। অন্যদিকে `খ` গ্রুপে অনূর্ধ্ব ৪০ বছর বয়সী কামিল, দাওরায়ে হাদিস ও আরবি-ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী, মাদরাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক এবং ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশ নিতে পারবেন। তাদের জন্য সুরা আন-নূর, সুরা ইয়াসিন, সুরা হুজুরাত, সুরা আর-রাহমান ও সুরা ওয়াকিয়াহ নির্ধারিত হয়েছে।
অংশগ্রহণকারীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হওয়ার পাশাপাশি পবিত্র কুরআনের শব্দিক অনুবাদ করার সক্ষমতা থাকা জরুরি। এছাড়া হাদিস, ফিকহ, ইসলামি সাহিত্য, ইসলামের ইতিহাস এবং বাংলা ভাষাসহ প্রয়োজনীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
জাতীয় পর্যায়ে দুইজন চ্যাম্পিয়ন প্রত্যেকে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র পাবেন। এছাড়া দুইজন প্রথম রানারআপ পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা এবং দুইজন দ্বিতীয় রানারআপ পাবেন ১ লাখ টাকা। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার অর্থ পুরস্কারসহ ক্রেস্ট ও সনদপত্র থাকছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় এক সপ্তাহের প্রশিক্ষণের পর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন