জুলাই ২১, ২০২৬, ০১:১১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করার প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সাইবার বুলিং শক্ত হাতে দমনে একটি বিশেষ আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।জনগণকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্তমানে পরিকল্পিতভাবে সাইবার বুলিং চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের সুরক্ষায় সরকার যথাযথ আইনি পদক্ষেপ নিতে সম্পূর্ণ বদ্ধপরিকর।
তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করতে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে বিশেষ প্যানেল কাজ করবে। আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে দেশের নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা প্রদানে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন