রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১২:৫৭ পিএম

শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

Ai - ছবি

আগামীকাল ২৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া।এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুসরণ করে এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি কিংবা বেসরকারি মাধ্যমে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবেন। 

তবে প্রাথমিক নিবন্ধনের আগে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। চূড়ান্ত নিবন্ধনের জন্য চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।ই-হজ সিস্টেমে গিয়ে আগ্রহী ব্যক্তিরা নিজের তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, মডেল মসজিদ এবং ঢাকা হজ অফিসেও এই সেবা মিলবে। 

সরকারি মাধ্যমে গমনেচ্ছুদের সোনালী ব্যাংকের শাখায় এবং বেসরকারি ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে।নতুন স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী ১৫ বছরের কম বয়সী কেউ হজে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে হৃদযন্ত্র, কিডনি, লিভার বা জটিল স্নায়ুবিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং ক্যানসার রোগীরা শারীরিক যোগ্যতার সনদ পাবেন না। 

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক ব্যাধি এবং গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।প্রাথমিক নিবন্ধনের সময় জেলা নির্বাচন, প্যাকেজের ধরনের পাশাপাশি আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট জমা দেওয়া আবশ্যক।