বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০১:১৫ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি - সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তিনি জিয়া উদ্যানে উপস্থিত হয়ে এই শ্রদ্ধানিবেদন কার্যক্রম সম্পন্ন করেন।

এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।শ্রদ্ধানিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো জিয়া উদ্যান এবং আশপাশের চত্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে শেরেবাংলা নগর ও জিয়া উদ্যান এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায়। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান।স্মৃতিসৌধ ও সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো শেষে তিনি নিয়মিত দাপ্তরিক কার্য পরিচালনা করতে বঙ্গভবনে ফিরে যান।