সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:১৯ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে অংশীদারিত্বভিত্তিক কিন্তু ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে জানানো হয়, প্রধানমন্ত্রী ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকেই সব কূটনৈতিক সিদ্ধান্ত গৃহীত হবে। সেই ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত সরকারপ্রধানকে আইনি কাঠামোর আওতায় দেশে ফেরত আনার প্রক্রিয়াগুলো সক্রিয় রাখা হয়েছে। পাশাপাশি বৈঠকে অবৈধ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ এবং বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অতীত বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। অতীতে সঠিক যাচাই ছাড়া কর্মী পাঠানোর কারণে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের শতভাগ সত্যতা নিশ্চিত করার সুপারিশ করে কমিটি।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি বিশেষায়িত ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। অভিবাসন কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেবল অনুমোদিত ও যাচাইকৃত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দালাল চক্রের প্রতারণা রুখতে সচেতনতামূলক প্রচার জোরদারের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি ও সমাধানের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিদ্যমান পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে আগামী অক্টোবর মাসে কমিটির সদস্যদের নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন এবং সানজিদা ইসলাম অংশ নেন। এছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ পররাষ্ট্র সচিব এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন