বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডে-কেয়ার সেন্টার সারা দেশে গড়ে তোলা হবে: জাহিদ হোসেন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৬:৪৪ পিএম

ডে-কেয়ার সেন্টার সারা দেশে গড়ে তোলা হবে: জাহিদ হোসেন

ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নির্বিঘ্নে কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং শিশুদের নিরাপদ বিকাশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে সারা দেশের শহর, উপশহর ও জনবহুল এলাকায় আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে। বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত ‘ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার’-এর উদ্বোধন অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান। একই অনুষ্ঠানে ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। শিল্পাঞ্চলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এমন কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সরকার নীতিগত ও কারিগরি সহায়তা দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, কর্মজীবী মায়েরা মানসিকভাবে উদ্বেগমুক্ত না থাকলে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব নয়। মায়েদের মানসিক স্বস্তি ও শিশুদের সুরক্ষিত ভবিষ্যতের জন্যই এই অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানান, ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকারের আলোকে এই আধুনিক কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। একই সাথে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের তাগিদ দেন। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বহুগুণ বেড়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের চাহিদাও বেড়েছে। 

সেবাপ্রাপ্তির মাধ্যমে জনগণ যেন অনুভব করতে পারে তারাই রাষ্ট্রের প্রকৃত মালিক, কর্মকর্তাদের প্রতি সেই আহ্বান জানান তিনি। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন আশা প্রকাশ করেন, এই সেবা নারী কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে। তিনি প্রশিক্ষণ সমাপ্তকারী সহকারী কমিশনার (ভূমি)-দের সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন।

গণপূর্ত অধিদপ্তরের সহায়তায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রায় ৭৫০ বর্গফুট জায়গাজুড়ে এই শিশুবান্ধব কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এখানে প্রশিক্ষিত আয়ার সার্বক্ষণিক পরিচর্যা, বিনোদন ব্যবস্থা এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্রেস্ট ফিডিং কর্নার রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এর কার্যক্রম চলবে, তবে সরকারি ছুটির দিনগুলোতে এটি বন্ধ থাকবে। উদ্বোধন শেষে অতিথিরা কেন্দ্রটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।