জুলাই ২৬, ২০২৬, ০৪:৪৫ পিএম
দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বহুমুখী সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক নীতিগত ও আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় তিনি এই আশ্বাসের কথা জানান।চা খাতকে জাতীয় অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি শিল্প হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সবায় উপস্থিত দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও প্রতিনিধিরা শিল্পের বর্তমান বাস্তবচিত্র তুলে ধরেন। বিশেষ করে উৎপাদন খরচ বৃদ্ধি, তীব্র অর্থায়ন সংকট, জ্বালানি বাবদ বাড়তি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশের সাথে টিকে থাকার নানা চ্যালেঞ্জের বিষয় আলোচনার টেবিলে উঠে আসে। একই সাথে চা খাতের টেকসই পুনর্বাসনের জন্য তারা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি ও সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বাগান মালিকদের কথা শুনে বিদ্যমান ব্যাংক ঋণের চাপ সহজীকরণ এবং স্বল্প সুদে নতুন বাণিজ্যিক ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান। এর পাশাপাশি চা বাগানের চাষের অনুপযোগী অনাবাদী জমিতে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান তিনি। সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাগান মালিকদের প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত একটি যৌথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন