জুলাই ৩১, ২০২৬, ০৩:১৪ পিএম
বাজারে বিক্রি হওয়া কিছু টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়ে প্রকাশিত জরিপের পর জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। সংস্থাটি জানিয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসটিআই।
সম্প্রতি একটি বেসরকারি সংস্থা পরিচালিত জরিপে সাতটি টুথপেস্টের নমুনার মধ্যে একটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য উঠে আসে। এই প্রেক্ষাপটে বিএসটিআই নিজ উদ্যোগে বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের নমুনা সংগ্রহ করে স্বতন্ত্র পরীক্ষাগারে পরীক্ষা শুরু করেছে। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিক বা অন্যান্য অজৈব পদার্থের অতিক্ষুদ্র কণা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়।
বাংলাদেশে প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী টুথপেস্টে ক্ষতিকর উপাদান, জীবাণু এবং বিষাক্ততার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় কোনো টুথপেস্টে এ ধরনের উপাদানের উপস্থিতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমদানীকৃত টুথপেস্টের ক্ষেত্রেও জনস্বাস্থ্য সুরক্ষায় আমদানি ও বাজারজাতকরণে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
এদিকে ভোক্তাদের উদ্দেশে বিএসটিআই কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে। টুথপেস্ট কেনার সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মান নিয়ন্ত্রণ সনদ নম্বর যাচাই করতে বলা হয়েছে। সেই সঙ্গে অজানা বা অনুমোদনহীন ব্র্যান্ডের পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন