রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেধার কোনো ভিসা লাগে না, প্রয়োজন রিভার্স ব্রেইন ড্রেন: শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০২:০৯ পিএম

মেধার কোনো ভিসা লাগে না, প্রয়োজন রিভার্স ব্রেইন ড্রেন: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

মেধার কোনো ভিসা লাগে না উল্লেখ করে মেধাবী তরুণদের দেশ গঠনে যুক্ত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, অতীতে দেশ থেকে মেধা পাচার হয়ে গেলেও বর্তমান প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ ফেরাতে ‘রিভার্স ব্রেইন ড্রেন’ বা প্রবাসে থাকা মেধাবীদের দেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। শনিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে জনসংখ্যা কমলেও বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। এই বিশাল জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। অতীতে দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে স্থায়ী হলেও এখন তাদের অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকার শিক্ষাক্ষাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ বছর বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, এখানকার শিক্ষকদের মান অত্যন্ত উন্নত এবং তাদের হাত ধরেই এই প্রতিষ্ঠান বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যাবে। 

অদূর ভবিষ্যতে কিউএস র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যুক্ত ছিলেন।