আগস্ট ৩, ২০২৬, ০৬:৪৬ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে জাতীয় সংসদের কাছে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তবে এই নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও ধরে রেখেছে কমিশন। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা নির্দেশনা পাওয়া যায়নি। আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু করা সম্ভব না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব।এদিকে রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হলেও আটটি দল এখনো তা জমা দেয়নি।
তৃণমূল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিসহ এই আটটি দলকে তাদের হিসাব জমা দিতে বলা হয়েছিল। সরকারি ছুটির কারণে সময়সীমা বাড়িয়ে ২ আগস্ট করা হলেও তারা তা পালনে ব্যর্থ হয়েছে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিয়েছে।অন্যদিকে হিসাব প্রস্তুত করতে না পেরে জাতীয় পার্টিসহ আরও ১৩টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। বর্তমানে নির্বাচন কমিশনে মোট ৫৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন