আগস্ট ৩, ২০২৬, ০৭:৪৬ পিএম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার দুপুরে রাজধানী ঢাকার পুলিশ সদর দপ্তরে রাইলে পামারট্রির নেতৃত্বে দুই সদস্যের এই প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।আলোচনাকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত ও সাইবার সক্ষমতা বৃদ্ধি, অনলাইন সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক তদন্তে বিভিন্ন সহায়তার প্রস্তাব দেন। জবাবে আইজিপি এফবিআইয়ের এই উদ্যোগকে স্বাগত জানান।
তিনি পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সাথে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অনলাইন প্রতারণা বন্ধে এফবিআইয়ের প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির কথা বলা হয়।আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে যৌথভাবে কাজ করার এই আশ্বাসের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। উক্ত সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন