রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বৈরাচার ও উগ্রবাদ প্রশ্নে জাতীয় ঐক্য অটুট আছে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৯:৫৩ পিএম

স্বৈরাচার ও উগ্রবাদ প্রশ্নে জাতীয় ঐক্য অটুট আছে: প্রধানমন্ত্রী

স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য পাঁচ আগস্ট একটি আনন্দ ও বিজয়ের দিন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের এই দিনে দেশের ছাত্র-জনতা ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল বলে জানান তিনি। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যুতে ভিন্নমত থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই শত্রুতায় পর্যবসিত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদ প্রশ্নে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।বিবৃতিতে বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চলা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের কথা স্মরণ করেন সরকারপ্রধান। তিনি বলেন, এই আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে সীমাহীন নির্যাতন ও নিপীড়ন সইতে হয়েছে এবং অসংখ্য মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। 

তৎকালীন শাসকগোষ্ঠীর গোপন বন্দিশালা বা আয়নাঘরের মতো ভয়াবহ নিগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সেই শাসনের পতন ঘটে।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের অভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার লড়াই। শহীদদের রক্তের ঋণ শোধ করতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।