রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জনসাধারণের জন্য আজ থেকে উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জাতীয় ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ১০:২৭ এএম

জনসাধারণের জন্য আজ থেকে উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘর উদ্বোধন করেন এবং এরপর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ছাত্র-জনতার আন্দোলনের নানা স্মৃতি, আলোকচিত্র, ভিডিও ও ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো হয়েছে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি।

প্রথম দিনের জন্য নির্ধারিত নয়শ টিকিট ইতিমধ্যে সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে।জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে যে ব্যবস্থাপনার সুবিধার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ভিত্তিক স্লটে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে। 

অনলাইনে বুকিংয়ের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন তিনটি ভিন্ন স্লটে দর্শনার্থীরা মূল ভবনে প্রবেশ করতে পারবেন। শুরুতেই অতিরিক্ত ভিড় এড়াতেই এই সীমিত প্রবেশব্যবস্থা চালু করা হয়েছে বলে মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব উল্লেখ করেছেন।এদিকে উদ্বোধনের দিন বৃষ্টির মাঝেও বহু মানুষ জাদুঘরের বাইরে জড়ো হন এবং একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়।কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে দর্শনার্থী প্রবেশের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।