আগস্ট ৬, ২০২৬, ১১:২৪ এএম
গণভবনকে রূপান্তর করে তৈরি করা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শনার্থীদের পরিদর্শনের সুবিধার্থে অনলাইনে নিবন্ধন ও টিকিট বুকিংয়ের ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত ভিড় এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মানুষ সেখানে প্রবেশের সুযোগ পাবেন।জাদুঘরের মূল ভবনে পরিদর্শনের জন্য প্রতিদিন তিনটি আলাদা সময়সীমা বা ধাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রথম ধাপে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। এরপর বেলা ১টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাকি দুটি ধাপে পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। প্রতিটি ধাপে সর্বোচ্চ ৩০০ জন করে প্রতিদিন মোট ৯০০ জন দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটের গায়ে উল্লেখ থাকা নির্দিষ্ট সময়ের মধ্যেই দর্শনার্থীদের মূল ভবনে প্রবেশ করতে হবে।
জাদুঘর পরিদর্শনের আগে দর্শনার্থীদের অবশ্যই `জুলাই ৩৬` ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো একটি সময় নির্বাচন করে টিকিট কিনতে হবে।টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য দুই হাজার টাকা প্রবেশমূল্য ধরা হয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী ৯ আগস্ট পর্যন্ত সব টিকিটের বুকিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। দর্শনার্থীরা এখন ১০ আগস্ট থেকে পরবর্তী সময়ের টিকিট কাটতে পারবেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট কাটতে এখানে ক্লিক করুন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন