আগস্ট ৭, ২০২৬, ১১:৩৮ পিএম
সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের প্রতিটি জেলা, মেট্রোপলিটন এলাকা এবং পুলিশ রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। সম্প্রতি প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের এই নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
শুক্রবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বিশেষ বার্তার মাধ্যমে এই নিদের্শনা জারি করা হয়।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে দেশের প্রতিটি জেলায় রাতের বেলা পুলিশি টহল, মোবাইল ডিউটি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্টে নিয়োজিত সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
দায়িত্ব পালনকালে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক পরিস্থিতি কিংবা আলামত লক্ষ্য করা মাত্রই তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে বেতার বার্তা তথা ওয়ারলেস মেসেজের মাধ্যমেই এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিট প্রধানদেরও নিজ নিজ এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিহত করতে পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারিও বহুগুণ বাড়ানো হয়েছে।সাম্প্রতিক সময়ে বিভিন্ন উসকানিমূলক অপপ্রচার ও নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে পুলিশের এই কঠোর অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা সজাগ রয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন