আগস্ট ১২, ২০২৬, ০৩:০০ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক হান উনসুকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই দেশের শ্রম অভিবাসন সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।এম্প্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস কাঠামোকে পারস্পরিক কল্যাণকর হিসেবে অভিহিত করেছেন মন্ত্রী।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার কথা বিশেষভাবে তুলে ধরেন। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩৮ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন উল্লেখ করে তিনি এই অংশীদারিত্বকে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও নিষ্ঠার কথা উল্লেখ করে তিনি কর্মী নিয়োগে কোরিয়া সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।প্রতিমন্ত্রী মো. নুরুল হক বাংলাদেশি কর্মীদের কোরিয়ার শ্রমবাজারে আরও অধিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কোটা ব্যবহার, রোস্টার ব্যবস্থাপনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রাখেন। দক্ষিণ কোরিয়ার পরিচালক হান উনসুক ইপিএস পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে কর্মী গ্রহণের ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া উভয় পক্ষ কোরিয়ান ভাষা প্রশিক্ষণ ও কর্মী নির্বাচন প্রক্রিয়া আরও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন