বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অতীতের অব্যবস্থাপনাই বিদ্যুৎ সংকটের মূল কারণ:প্রধানমন্ত্রী তারেক

জাতীয় ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০১:২২ পিএম

অতীতের অব্যবস্থাপনাই বিদ্যুৎ সংকটের মূল কারণ:প্রধানমন্ত্রী তারেক

ছবি : সংগৃহীত

পতিত সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ আজ কষ্ট পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সংকটের মুখোমুখি হচ্ছে এবং তা নিরসনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদে আগামী দশ বছরের একটি বিশেষ কর্মপরিকল্পনা উপস্থাপন করবে সরকার। তবে এই সংকটকে পুঁজি করে কিছু মানুষ রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সরকার গঠনের পর এটি তাঁর প্রথম জেলা সফর। কিশোরগঞ্জ যাত্রাপথে তিনি সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন এবং পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা ছাড়ার ঘোষণা দেন। দুপুরের দিকে কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে কটিয়াদি আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।