আগস্ট ১৬, ২০২৬, ০৬:১০ পিএম
ফ্যাসিস্ট সরকারের আমলে অবহেলিত স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে বর্তমান সরকার কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় তলা বিশিষ্ট আধুনিক কাঠামোতে উন্নীত করা হবে।
পর্যায়ক্রমে দেশের সকল ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে, যার ফলে সাধারণ মানুষ মানসম্মত সেবা থেকে বঞ্চিত ছিল। সরকারি ওষুধ হাসপাতালের বাইরে বিক্রি করে দেওয়ার মতো অনিয়ম ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, চিকিৎসা পদ্ধতির আমূল পরিবর্তনের দিকে নজর দিয়েছে সরকার। মন্ত্রী উল্লেখ করেন, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার যেকোনো কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।
আগামীতে ১৫১ শয্যার প্রতিটি হাসপাতালে প্রসূতি নারীদের জন্য ২৫ শয্যা এবং শিশুদের জন্য ২০ শয্যার বিশেষ ওয়ার্ড রাখার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সুবিধাসহ উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রণালয়। সরকারের দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক চিত্র বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন