বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চা শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৭:৪৮ পিএম

চা শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী

সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের সুরক্ষার কথা বিবেচনায় রেখে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এই মহতী কার্যক্রমের সূচনা করেন তিনি। প্রতিকূল আবহাওয়ায় শ্রমিকদের কাজের মান উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানে কর্মরত শ্রমিকরা এই সুবিধার আওতায় আসবেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সবাই যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে, তবে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকার সব সময় সহযোগিতা প্রদান করবে। 

এ সময় বেসরকারি খাতের প্রতিনিধিদের ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে এই ২০ হাজার রেইনকোট সরবরাহ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, শেভরন বাংলাদেশ ও পাণ্ডুঘর গ্রুপ। চা-শ্রমিকদের পক্ষ থেকে সন্তুকী রায় প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমজীবী মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি খাতের এ ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।