বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৪:৫৬ পিএম

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের কার্যালয়ে এই বৈঠক সম্পন্ন হয়।বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত উদ্বাস্তু, ভবঘুরে ও আশ্রয়হীন ব্যক্তিদের অপসারণের জন্য একটি সক্রিয় মনিটরিং টিম গঠন, পুনর্বাসন এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকার বিদ্যমান নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরা হয়। বিশেষ করে এসব এলাকায় মাদক সেবন, হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া নারী শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনসহ যুগোপযোগী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা করা হয়েছে।ডাকসু প্রতিনিধিদলে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এবং আনাস ইবনে মুনির উপস্থিত ছিলেন। ডাকসুর এসব প্রস্তাবনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।