আগস্ট ৩০, ২০২৬, ০২:১৮ পিএম
একজন মানুষকে হারানোর কষ্ট হয়তো একসময় চোখের পানিতে প্রকাশ করা যায়। কিন্তু একজন মানুষ কোথায়—বেঁচে আছেন, নাকি নেই—তা না জেনে বছরের পর বছর অপেক্ষা করার কষ্টের কোনো ভাষা নেই। এই অপেক্ষা একদিকে যেমন গভীর বেদনার, অন্যদিকে তেমনি এক অনিশ্চিত জীবনের নাম। ত্রিশে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। দিনটি শুধু গুমের শিকার মানুষদের স্মরণ করার দিন নয়; এটি সেইসব মায়ের কান্না, স্ত্রীর অপেক্ষা এবং পরিবারের দীর্ঘশ্বাস স্মরণ করার দিন।
প্রিয় মানুষটি কোথায় আছেন, সেই প্রশ্নের উত্তর না পাওয়ার যন্ত্রণা নিয়ে অসংখ্য পরিবার বছরের পর বছর পার করেছে।বাংলাদেশও এই নির্মম বাস্তবতার সাক্ষী হয়েছে। বিগত দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের আমলে গুমের অভিযোগ ক্রমেই গুরুতর ও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতনের পর গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন ১ হাজার ৫৬৯টি ঘটনাকে সুনির্দিষ্টভাবে গুম হিসেবে বিবেচনা করেছে। এর মধ্যে ২৮৭টি ঘটনাকে ‘মিসিং অ্যান্ড ডেড’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
তবে নিখোঁজ ব্যক্তিদের এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়; প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার এবং একটি অসমাপ্ত স্বপ্ন। গুম একটি মানুষকে শুধু পরিবার থেকে বিচ্ছিন্ন করে না, বরং একটি পরিবারের স্বাভাবিক জীবনকেও স্থবির করে দেয়। নিখোঁজ স্বজনের অপেক্ষায় থাকা পরিবারগুলো প্রতিদিন নতুন করে ভয়, হতাশা ও অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে। ইলিয়াস আলীর মতো বহু নেতার পরিবার আজও প্রতীক্ষায় দিন কাটাচ্ছে। এই দীর্ঘ অন্ধকারের পর বর্তমান সরকার গুমের শিকার পরিবারগুলোর কষ্টকে কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে না দেখে তাদের পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভুক্তভোগী পরিবারগুলোর কষ্টের সঙ্গে একাত্ম হয়ে বিচার নিশ্চিত করার কথা বলেছেন। গুম প্রতিরোধে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের মাধ্যমে গুমকে একটি স্বতন্ত্র ও আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে কোনো নাগরিককে রাজনৈতিক মত বা পরিচয়ের কারণে যেন বেআইনিভাবে তুলে নেওয়া না হয়।
অপরাধীদের শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মর্যাদা, সামাজিক নিরাপত্তা এবং পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আমাদের অঙ্গীকার হোক—বাংলাদেশ আর কখনো গুমের অন্ধকারে ফিরে যাবে না। মানুষের জীবন, মর্যাদা ও অধিকার সুরক্ষার মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন