সেপ্টেম্বর ৫, ২০২৬, ০১:৫১ পিএম
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন বিধিনিষেধ ও শর্তাবলী সম্পর্কে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশিত এক বার্তায় স্পষ্টভাবে জানানো হয় যে ভিজিটর ভিসার আওতায় ভ্রমণকালে কোন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বৈধ ভিসার অপব্যবহার রোধে এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে বার্থ ট্যুরিজম বা মার্কিন নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব করা এই ভিসার নিয়মের পরিপন্থী। এছাড়া ভিজিটর ভিসার অপব্যবহার করে মার্কিন কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করে চাকরি বা কর্মসংস্থানে লিপ্ত হওয়া নিষিদ্ধ।
একই সাথে কোনো স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ক্রেডিট বা ডিগ্রি অর্জনের লক্ষ্যে পূর্ণকালীন পড়াশোনা করাও এই ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। ভ্রমণকারীদের এসব বিধিনিষেধ সম্পর্কে পুরোপুরি অবগত থেকে মার্কিন আইন মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস। ভিসা সংক্রান্ত শর্তগুলো অমান্য করলে আইনি পদক্ষেপ ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন