সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:৩৭ পিএম
শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী সব সময় থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দায়িত্ব পালনকালে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে প্রাণ হারানো দুই সেনাসদস্যের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন।
মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের সার্বভৌমত্ব ও দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যদের এই শাহাদাত জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই শোকের মুহূর্তে রাষ্ট্র ও সামরিক বাহিনী সম্পূর্ণভাবে পরিবারের পাশে রয়েছে এবং তাদের সার্বিক দেখাশোনার দায়িত্ব অব্যাহত রাখবে। শহীদদের স্থায়ী ঠিকানায় বাড়ি নির্মাণের বিশেষ উদ্যোগ নিচ্ছে সেনাবাহিনী।
একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ পরিবারের স্ত্রীদের জন্য চাকরির বন্দোবস্ত এবং তাদের সন্তানদের জন্য নিয়মিত মাসিক ভাতার স্থায়ী ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়ার অংশ হিসেবে ট্যাংক ফায়ারিংয়ের সময় আকস্মিক গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য শহীদ হন। নিহত বীর সেনাসদস্যরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব এবং মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন। অন্যদিকে শহীদ তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে অংশ নেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা ও বাবা মো. আসাদুল হক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন