বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ে নিতে সংসদীয় কমিটির সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৬:০৪ পিএম

রেজিস্ট্রেশন দপ্তর ভূমি মন্ত্রণালয়ে নিতে সংসদীয় কমিটির সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

রেজিস্ট্রেশন দপ্তরকে আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সংসদীয় কমিটি। বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জমি ব্যবস্থাপনায় গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হলো। বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে জমি কেনাবেচা ও যেকোনো চুক্তির সরকারি দলিল নিবন্ধনের কাজ পরিচালিত হয় আইন মন্ত্রণালয়ের অধীনে। অন্যদিকে ভূমির নামজারি, খতিয়ান হালনাগাদ ও ভূমি উন্নয়ন কর আদায়ের পুরো দায়িত্ব পালন করে ভূমি মন্ত্রণালয়। জমি ব্যবস্থাপনা সংক্রান্ত মূল কাজ দুটি ভিন্ন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ নাগরিকদের চরম ভোগান্তি ও প্রশাসনিক দীর্ঘসূত্রতার মুখে পড়তে হচ্ছে।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বাড়ানোর প্রকল্প। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত, ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা স্থাপন, সারাদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ এবং সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।

নতুন যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারি রাজস্ব বৃদ্ধি এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে কমিটি। একই সঙ্গে ভূমি সংক্রান্ত নাগরিক সেবা দ্রুত করতে মাঠপর্যায়ের শূন্য পদগুলোতে অবিলম্বে জনবল নিয়োগের তাগিদ দেওয়া হয়েছে।

কমিটির কার্যক্রমের অংশ হিসেবে শিগগিরই ভূমি ভবন সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে, যাতে সেবার বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ করা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, জয়নাল আবদিন, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদ উল্লাহ, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।