সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৩:০৭ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম পুনরায় কমানোর উদ্যোগ নেবে সরকার।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ জ্বালানি তেল উৎপাদনের দিক থেকে স্বাবলম্বী নয় এবং সামগ্রিকভাবে আমদানির ওপর নির্ভরশীল। দেশ যে অঞ্চল থেকে প্রধানত জ্বালানি তেল আমদানি করে থাকে, সেখানে বর্তমানে তীব্র যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাজারব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে।
আমদানি ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রা ব্যয় করে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে হয়। বিশ্ববাজারে মূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি পরিবহন ঝুঁকি, বীমা প্রিমিয়াম ও আনুষঙ্গিক আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। সরকার প্রায় ছয় মাস ধরে অভ্যন্তরীণ বাজারে দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধির মুখে কোনো বিকল্প না থাকায় শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। সংকট উত্তরণ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার প্রত্যাশা করছে মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত সমাধান হবে। সংঘাত থেমে গিয়ে বিশ্ববাজারে তেলের দাম কমলেই সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারেও জ্বালানি তেলের মূল্য নিচের দিকে সমন্বয় করার চেষ্টা করবে।
এর আগে বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন সম্ভাবনা এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন