অক্টোবর ৩, ২০২৬, ১০:২৮ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানেই সমৃদ্ধ বাংলাদেশ এবং সরকার দেশে বিনিয়োগের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করছে। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি দেশের শাসনব্যবস্থা ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়েও সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশে আইনের শাসন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করা হবে। একই সাথে তিনি যেকোনো মূল্যে মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে সরকারের অটল প্রতিশ্রুতির কথা জানান।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংলাপের আয়োজন করেছে। এবারের সংলাপে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। আয়োজক সংস্থা জানিয়েছে, তিন দিনের এই আয়োজনে দেশ-বিদেশের প্রায় ২০০ জন বক্তা বিভিন্ন অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’। বাংলায় যার ভাবার্থ রূপ দেওয়া হয়েছে ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন