অক্টোবর ৩, ২০২৬, ১১:০৫ এএম
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইনট্যাক-২০২৬’। এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও সংস্কৃতি তুলে ধরছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এবং ট্রাভেলটেক প্রতিষ্ঠান এম ৩৬০ আইসিটি।
মেলায় ২৫টি দেশের ১৫৫টি বুথ রয়েছে।
শুক্রবার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এই মেলার উদ্বোধন করা হয়। সেখানে বাংলাদেশের দুটি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে বিভিন্ন তথ্য ও উপকরণের মাধ্যমে দেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য এবং পর্যটন প্রযুক্তির সেবাগুলো তুলে ধরা হচ্ছে। বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও তাদের সহপাঠীদের নিয়ে বুথগুলো পরিদর্শন করছেন। উদ্বোধনের পর মেলার প্রধান অতিথি ও মালয়েশিয়ার পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল একবাল সেতিয়া বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

মেলার প্রথম দিন শুক্রবার বিকেলে ওপেন স্টেজে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের ওপর বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় শামীমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত একদল বাংলাদেশি সংস্কৃতিকর্মী মনোজ্ঞ পরিবেশনায় অংশ নেন।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মেলার বাংলাদেশ বুথসহ অন্যান্য বুথ ঘুরে দেখেন। তিনি দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এই মেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটন খাতের যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন