সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,
পদত্যাগের ঘোষণা

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৬, ১২:২২ পিএম

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি উল্লেখ করেন, সোমবার দুপুর দুইটায় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই বার্তায় তিনি আরও লেখেন, ইন্টারনেটে কিছু ব্যক্তিকে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ভবিষ্যতে দেশে কোনো আন্দোলন বা সংগ্রামের পরিস্থিতি তৈরি হলে তারা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসে মাঠে নামবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সরকারি দায়িত্ব ছাড়ার পরের পরিকল্পনা নিয়ে তিনি জানান, ভবিষ্যতে কোনো সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী পরিচয়ে নয়, বরং সাধারণ দলীয় কর্মী হিসেবে তিনি কাজ চালিয়ে যাবেন। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আগের চেয়ে বহুগুণ বেশি তৎপরতা চালানোর প্রত্যয় জানান তিনি।

এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে জেলায় জেলায় সফর করার কথা উল্লেখ করেন তিনি।