রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৪৮ পিএম

রাজনৈতিক নেতাদের নিয়ে কেন জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা?

ছবি - সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সঙ্গে নিয়ে রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরার আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন। তবে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী এবং কেন নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিকেই নেওয়া হচ্ছে, তা নিয়ে চলছে আলোচনা।

রাজনৈতিক নেতাদের সফরের কারণ রাজনৈতিক নেতারা বলছেন, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহলে একটি বার্তা দিতে চাওয়া হচ্ছে যে, গণঅভ্যুত্থানের পর দেশ গঠনে বাংলাদেশের রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকবে, তাই দেশের গুরুত্বপূর্ণ আলোচনায় রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা, অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়েই প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে।

প্রতিনিধি দলে কারা থাকছেন? প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এই রাজনৈতিক নেতারা জাতিসংঘের বেশ কিছু সাইডলাইন বৈঠকে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

সফরের উদ্দেশ্য নিয়ে বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এর মাধ্যমে সরকার রাজনৈতিক দায় বণ্টনের একটি চেষ্টা করছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকার দেশের গুরুত্বপূর্ণ কাজগুলোয় রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখতে চায়, যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা এসব কাজের ধারাবাহিকতা সম্পর্কে অবগত থাকে। এর আগে রোহিঙ্গা ইস্যু নিয়েও রাজনৈতিক দলগুলোর নেতাদের একটি সেমিনারে যুক্ত করা হয়েছিল।