বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও ওষুধ পাচার হয়: কৃষি উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:২২ পিএম

ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও ওষুধ পাচার হয়: কৃষি উপদেষ্টা

ছবি - সংগৃহীত

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমারের আরাকান আর্মি থেকে আসা ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চালসহ বিভিন্ন পণ্য পাচার হচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অর্জন ও অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, পাচার রোধে নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কৃষি উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই এবং আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না।

এছাড়াও তিনি জানান, জৈব সারের ব্যবহার বাড়ানো এবং বালাইনাশক বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক বছরে কৃষি মন্ত্রণালয় প্রায় ২,৬৪৬ কোটি টাকা ব্যয়ে ৯টি নতুন প্রকল্প গ্রহণ করেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই দুই বা তিন ফসলি জমিতে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কৃষি জমি সংরক্ষণে একটি নতুন অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে।