সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:৩৩ পিএম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি-র সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) অনুষ্ঠিত এই বৈঠকে অভিবাসন, বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কসোভোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং অর্থনৈতিক সুযোগ অন্বেষণের জন্য ঢাকায় একটি কসোভো বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। তিনি যুব বিনিময় কর্মসূচির ওপরও গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট ওসমানি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ কসোভোকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে অন্যতম। তিনি কসোভোর সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, দেশটি টানা দ্বিতীয় বছরের মতো দক্ষিণ-পূর্ব ইউরোপীয় অঞ্চলে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি নাগরিক কসোভোতে কাজ করে দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রেসিডেন্ট ওসমানি বস্ত্র খাতে বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন।
বৈঠকে উপস্থিত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন, যা নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন