রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০৩:২২ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি।বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-এর পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, "আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে, এটি বাংলাদেশের ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। শরতে বাংলাদেশের চারিদিকে কাশফুল ও শীতের আভাষ জানান দেয় এই উৎসবের বার্তা। আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন।"

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একজন বাংলাদেশি হিসেবে তিনি মনে করেন, উৎসবের ভেতর দিয়েই প্রস্ফুটিত হয়ে ওঠে বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্ব।তিনি রাষ্ট্র ও সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা থাকার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।

তারেক রহমান পবিত্র হাদিসের নির্দেশনা উল্লেখ করে বলেন, “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে নেয়; এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী (সা.) তার উম্মতদের সতর্ক করে দিয়ে বলেছেন— কেয়ামতের দিন আমিই সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।”

তিনি বলেন, "উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়...তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সংগত।"শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে, সেই ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

তিনি দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।"সবশেষে তিনি বলেন, "আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।" তিনি এবারের শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।