অক্টোবর ১, ২০২৫, ০৪:০১ পিএম
জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগ-এর কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালের শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা 'যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে', যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
অধ্যাপক আসিফ নজরুল এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ-এর কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এরকম কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি আরও বলেন, নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং একটি সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠানের কথা নির্ধারণ করেছেন এবং সেই সময়েই তা অনুষ্ঠিত হবে। নির্বাচন দিয়েই অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে যেতে চায়। তিনি আরও নিশ্চিত করেন, পাহাড়ে যারা অশান্তি সৃষ্টি করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন