সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাণিবিজ্ঞানী জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০১:৫৭ পিএম

প্রাণিবিজ্ঞানী জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

ছবি - সংগৃহীত

বিশ্বখ্যাত প্রাণীবিদ, প্রাইমাটোলজিস্ট, নৃতত্ত্ববিদ ও পরিবেশ আন্দোলনের অগ্রদূত ড. জেন গুডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, "আমার প্রিয় বন্ধু ড. জেন গুডলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।"

অধ্যাপক ইউনূস জেন গুডলের অসামান্য অর্জন ও অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি বলেন, "জীবনের শেষ দিন পর্যন্ত নিরলস কর্মী হিসেবে জেন শান্তি, টেকসই উন্নয়ন, ন্যায়বিচার এবং পৃথিবীর সব প্রাণের পারস্পরিক সম্পর্কের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।" প্রধান উপদেষ্টা মনে করেন, প্রকৃতি আজ তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বরকে হারালো এবং এ ক্ষতি তাঁর হৃদয়ে গভীর বেদনা তৈরি করেছে।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে জেন গুডলের দীর্ঘ ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি জানান, নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই সময় তিনি গ্রামীণ ব্যাংকের নারীদের ক্ষমতায়নের অভিজ্ঞতা দেখেছিলেন এবং পরে আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন স্থানে তাঁর নিজস্ব কাজে সেই নীতিকে অন্তর্ভুক্ত করেছিলেন।

অধ্যাপক ইউনূস স্মৃতিচারণ করে বলেন, জেন গুডল আমাদের দেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ছিলেন। "জেন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন এবং আমাদের কাজের প্রশংসা করেছেন," এমনকি সম্প্রতি জুন ২০২৫-এ অনুষ্ঠিত সামাজিক ব্যবসা দিবসের সম্মেলনেও তিনি এ বিষয়ে বক্তব্য রেখেছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, "তাঁর সমর্থন ও অনুপ্রেরণার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। তিনি শুধু আমাকে নয়, পৃথিবীর কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন।"