রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকেও দেখা যাবে কী?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৬:০৭ পিএম

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকেও দেখা যাবে কী?

ছবি - সংগৃহীত

চলতি বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। এই সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে। ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখা যাবে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জ্যোতির্বিদদের বরাত দিয়ে বুধবার (১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে।জ্যোতির্বিদরা জানিয়েছেন, এই সুপারমুনকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’ (Harvest Moon)।

এটি সাধারণত প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। চলতি বছর মোট তিনটি সুপারমুন উপভোগ করার সুযোগ মিলবে, যার প্রথমটি হচ্ছে এই অক্টোবরের হার্ভেস্ট মুন।বিশেষজ্ঞদের মতে, এই হার্ভেস্ট মুন ঘটবে শারদ বিষুবের সময়ের কাছাকাছি। এই সময় উদিত পূর্ণিমার চাঁদ সাধারণের তুলনায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল হয়। চাঁদকে তখন আরও সোনালি-কমলা রঙের এবং মনোমুগ্ধকর মনে হয়, বিশেষ করে যখন এটি দিগন্তের কাছাকাছি থাকে।

সাধারণ পূর্ণিমার চাঁদ রাতভর আকাশে থাকে না, কিন্তু হার্ভেস্ট মুনের সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় দ্রুত ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে দৃশ্যমান থাকে, বিশেষ করে সন্ধ্যার সময়ে এটি আরও উজ্জ্বল দেখায়। সেই রাতে চাঁদ পৃথিবী থেকে প্রায় ২,২৪,৫৯৯ মাইল (৩৬১,৪০০ কিলোমিটার) দূরত্বে থাকবে।

এই মহাজাগতিক ঘটনাটি দক্ষিণ এশিয়ার মানুষের জন্য বিশেষ। পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO) জানিয়েছে, ৭ অক্টোবরের সুপারমুন পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার সব দেশে দৃশ্যমান হবে।

জ্যোতির্বিদরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার আকাশে ৬ ও ৭ অক্টোবর দুই রাতেই এই সুপারমুন দেখা সম্ভব। এই দৃশ্য দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এটি উপভোগ করা যাবে। তবে সবচেয়ে ভালোভাবে দেখার জন্য আলোদূষণবিহীন জায়গায় থাকা দরকার।৭ অক্টোবর রাতে আপনিও কি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তৈরি?