সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রেড জোনের দিকে এগোচ্ছে ফ্লোটিলা, কী বার্তা দিলেন শহিদুল আলম?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৪:০৪ পিএম

রেড জোনের দিকে এগোচ্ছে ফ্লোটিলা, কী বার্তা দিলেন শহিদুল আলম?

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশেনস’ আগামীকাল বুধবার ভোরের দিকে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন এই নৌবহরে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে তিনি এই সবশেষ তথ্য জানান।

শহিদুল আলম তার পোস্টে ‘রেড জোন’ বলতে সেই এলাকাকে বুঝিয়েছেন, যেখানে কয়েক দিন আগেই ইসরায়েলি নৌবাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’ নামের আরেকটি নৌবহরকে আটক করে সেখানকার সকল অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছিল। সেই ঝুঁকি মাথায় নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, “আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি, কারণ আমরা ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌবহরের ছোট ও ধীরগতির নৌযানগুলোকে পেছনে ফেলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমরা সুমুদ ফ্লোটিলা নৌবহরের চেয়ে অনেক দ্রুত এগিয়েছি, কারণ ওই নৌবহরটি প্রচণ্ড বাতাস ও ঝড়ের কারণে থেমে গিয়েছিল।”

তিনি আরও জানান, ধীরগতির নৌযানগুলো এখন তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন। ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর এই মানবিক যাত্রার প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রাখছে পুরো বিশ্ব।