অক্টোবর ৯, ২০২৫, ১১:৩৮ এএম
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় আগামীকাল শুক্রবার টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজের অংশ হিসেবে এই শাটডাউন করা হবে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। যেসকল এলাকায় গ্যাস থাকবে না তার মধ্যে রয়েছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর এবং চন্দ্রা।
এছাড়াও নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর এবং এর আশেপাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শাটডাউন চলাকালীন সময়ে আশপাশের অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন