অক্টোবর ৯, ২০২৫, ১১:৪৫ পিএম
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ডিবি হেফাজতে থাকাকালীন তাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাক্ষ্য দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর চানখাঁরপুলে ছয় শিক্ষার্থীকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার সময় তিনি এই অভিযোগ করেন।উপদেষ্টা আসিফ মাহমুদ তার সাক্ষ্যে বলেন, আন্দোলনের সময় ডিবি হেফাজতে তাদের ওপর তীব্র চাপ সৃষ্টি করা হয়েছিল। তিনি বলেন, “আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিল। এই হত্যার নির্দেশ এসেছিল সরাসরি শেখ হাসিনার কাছ থেকে।”
তিনি আরও জানান, ৩২ ঘণ্টা অনশনে থাকার পর তাদের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।চানখাঁরপুলের ভয়াবহ হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, “চাইনিজ রাইফেল, শটগান ও ছররা গুলি ব্যবহার করে পুলিশ ও এপিবিএন সদস্যরা সেদিন ছয়জন আন্দোলনকারীকে হত্যা করে। এর মধ্যে আমার সামনেই দুজন পুলিশের গুলিতে শহীদ হন।” এই হত্যাকাণ্ডের জন্য তিনি সরাসরি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ প্রধানদের দায়ী করেন।
চাঞ্চল্যকর এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন পুলিশ কর্মকর্তা আসামি। তাদের মধ্যে চারজন পলাতক এবং চারজন কারাগারে আটক রয়েছেন।আজ আসিফ মাহমুদের প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন