অক্টোবর ১০, ২০২৫, ০৫:৫৪ পিএম
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার দুই দিন পর অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বন্ধুপ্রতিম রাষ্ট্র তুরস্কের জোরালো কূটনৈতিক তৎপরতায় তাকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই স্বস্তির খবর নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইসরায়েল থেকে আজ বিকেলে একটি ফ্লাইট ছেড়েছে, যার যাত্রীর তালিকায় বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম রয়েছেন। তুরস্কের সূত্রে জানা গেছে, ফ্লাইটটি (টিকে ৬৯২১) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা।”
শহিদুল আলমের মুক্তি ও তাকে নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহায়তা করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে, গত বুধবার (৮ অক্টোবর) গাজা অভিমুখী মানবিক ত্রাণবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’র ‘কনসায়েন্স’ নামক জাহাজ থেকে শহিদুল আলমসহ ৯৩ জন আন্তর্জাতিক কর্মীকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর তাদের ইসরায়েলের একটি কারাগারে নিয়ে যাওয়া হয়। শহিদুল আলমের আটকের ঘটনায় বাংলাদেশসহ সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তার মুক্তির জন্য ব্যাপক দাবি ওঠে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন