সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ফিরেই ফিলিস্তিনের জন্য সংগ্রামের ডাক দিলেন শহিদুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৯:৩৪ এএম

দেশে ফিরেই ফিলিস্তিনের জন্য সংগ্রামের ডাক দিলেন শহিদুল

ছবি - সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার তিন দিন পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। দেশে ফিরেই তিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, ততদিন আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শহিদুল আলম বলেন, “এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীর ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”

নিজের মুক্তির জন্য বিশ্বজুড়ে যারা সোচ্চার হয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাব। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত ৮ অক্টোবর গাজাগামী ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনী শহিদুল আলমকে আটক করে। এরপর বাংলাদেশ সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরাসরি হস্তক্ষেপে শুক্রবার তিনি মুক্তি পান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।