অক্টোবর ১১, ২০২৫, ০৩:৩২ পিএম
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। দেশে ফিরেই তিনি ইসরায়েলি কারাগারে তার ওপর চালানো মানসিক নির্যাতন এবং বাংলাদেশি পাসপোর্টের অবমাননার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন।
শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি বলেন, “আমার সবচেয়ে বড় অপমানবোধ হয়েছে, যখন বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে তা মাটিতে ছুড়ে ফেলে দেয়। একটি দেশের পাসপোর্টকে এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই অপমানের বিচার আমাদের আদায় করতে হবে।”
আটক থাকাকালীন কঠিন সময় পার করার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ওপর নির্যাতন গেছে, কঠিন সময় কেটেছে। তবে গাজার মানুষ যে অবস্থায় আছে, তার তুলনায় আমাদের এই কষ্ট কিছুই না। গাজাবাসী যতক্ষণ মুক্ত না হয়, আমাদের কাজ শেষ হয়নি।”
তিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মতো আরও হাজারো ফ্লোটিলা যাওয়া দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। আমাদের আসল সংগ্রাম এখনো বাকি আছে।”শহিদুল আলম তার মুক্তির জন্য বাংলাদেশ সরকার, তুরস্ক সরকার এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সোচ্চার হওয়া সকল মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানউল্লেখ্য, গত বুধবার গাজাগামী মানবিক ত্রাণবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনী শহিদুল আলমকে আটক করেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন